ইরানে ইসরায়েল হামলা করেছে বলে জানিয়েছে ইরান। তবে সেটি কোনো ক্ষেপনাস্ত্র হামলা নয়। ইরানের দাবি, ইসরায়েল দেশটিতে ড্রোন হামলা চালিয়েছে।
ইরানের মহাকাশ সংস্থা দাবি করেছে, ইসরায়েল এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। তবে ইসরায়েল থেকে আগত বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সংস্থাটি এই দাবি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে ইরানি মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং এখন পর্যন্ত ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।
এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হানা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। আবার ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, তাও নিশ্চিত করা হয়নি। কিন্তু ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে।










