হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার সময় হামলার শিকার হন তিনি। এরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। তবে তিনি হাসপাতাল থেকে নিউ জার্সির বাড়িতে ফিরেছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি।
এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং বলেন, হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেয়ায় সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্প এখন ভালো আছেন।
হামলার ঘটনায় কানে গুলি লাগলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। আকস্মিক ওই হামলার বিষয়ে ট্রাম্প জানান, নির্বাচনী প্রচারণার সময় তার কানে গুলি করা হয়েছে। তিনি জানান, তার মনে হচ্ছিল কান ঘেঁষে একটি বুলেট চলে গেল। হামলার পরপরই তিনি মাটিতে পড়ে যান। এসময় তার মুখমণ্ডলে রক্ত দেখা গেছে।










