বিশ্বজুড়ে গত শুক্রবার থেকে সৃষ্ট তথ্যপ্রযুক্তি খাতে ভয়াবহ বিভ্রাট এখনো অব্যাহত রয়েছে। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য, বিমান পরিবহন, ট্রেন, ব্যাংক, রেস্টুরেন্ট থেকে শুরু করে নানা ধরনের সেবা খাত। বিবিসির খবরে বলা হয়েছে, এ বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ঠিক কবে নাগাদ এ সমস্যার সমাধান মিলতে পারে সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো বলছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই বিভ্রাটের জন্য অ্যান্টিভাইরাস কোম্পানি ক্রাউড স্ট্রাইকের সিইও ক্ষমা প্রার্থনা করেছেন।

থার্ড পার্টি বাগের কারণে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জিপি সিস্টেমে গোলযোগ দেখা দেয়ায় স্বাস্থ্য খাতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে বলে দাবি সংশ্লিষ্টদের। এ অবস্থায় এনএইচএসের অন্তর্ভুক্ত সব সেবা খাতেই বিপর্যয় নেমে এসেছে। গত শুক্রবার থেকেই খাতটিতে সেবা বিঘ্নিত হতে শুরু হয়েছে, যা এখনো চলমান।

চিকিৎসা, গণমাধ্যম, এয়ারলাইনস, এমনকি ব্যাংকসহ বিভিন্ন সেবা খাতে এর ব্যাপক প্রভাব দেখা দিয়েছে। বিবিসির তথ্যমতে, এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি বিমানের ফ্লাইট বাতিল হয়েছে।

এছাড়া ব্যাংক সেবার মতো গুরুত্বপূর্ণ সব খাতে লেনদেন ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিবিসি বলছে, গত দুই দিনে রেস্টুরেন্ট সেবাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। জিপি সিস্টেমের বিভ্রাটের কারণেই এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে গ্রাহকে।

এদিকে তথ্যপ্রযুক্তির এ বৈশ্বিক বিভ্রাটে ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স, চিকিৎসা ও ফার্মেসির মতো জরুরি সব সেবাও। যুক্তরাজ্যের হাসপাতালগুলোয় রোগীদের সেবা দিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। রোগীদের সার্বিক তথ্যের অ্যাকসেস পেতে অসুবিধা হওয়ায় দেশটির হাসপাতালগুলোয় ব্যাহত ছিল রোগীদের সেবা প্রদান। জরুরি সেবা প্রদানে নিয়োজিত অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে সেবাপ্রত্যাশীদের।

যুক্তরাজ্যের রেলওয়ে কোম্পানিগুলো ট্রেনের বিলম্ব হওয়ার কথা উল্লেখ করেছে।  ট্রেন সেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।

যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি লুইস হাই দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। চলমান বিভ্রাটে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। 

অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইনস জানিয়েছে, থার্ড পার্টি সফটওয়্যার ত্রুটি সামগ্রিকভাবে চলমান এ বিভ্রাটের জন্য দায়ী।

বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইনস আমেরিকান এয়ারলাইনসের দাবি যুক্তরাজ্যে তাদের সব ফ্লাইট বাতিল হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম অ্যান্টিভাইরাস কোম্পানি ক্রাউড স্ট্রাইককে এ সমস্যার জন্য দায়ী করছেন তারা। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনার জন্য অ্যান্টিভাইরাস কোম্পানি ক্রাউড স্ট্রাইকের সিইও ব্যবহারকারীদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।