শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজারকে হত্যার অভিযোগে তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কানাডা পুলিশ। এর আগে অটোয়া এ হত্যাকাণ্ডে ভারতীয় কর্মকর্তাদের সংশ্লিষ্টতার অভিযোগ আনলে দুই দেশের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। খবর বিবিসি।

গত বছরের জুনে ৪৫ বছরের হারদীপ সিং ভ্যাঙ্কুভার শহরতলির একটি ব্যস্ত গাড়ি পার্কে মুখোশধারী বন্দুকধারীদের গুলিতে নিহত হন।

ওই ঘটনায় ভারত সরকার জড়িত থাকতে পারে বলে সরাসরি অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও দিল্লি দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেছে।

গতকাল শুক্রবার (৩ মে) গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন করণ ব্রার (২২), কমল প্রীত সিং (২২) ও করণ প্রীত সিং (২৮)। তিনজনই আলবার্টার এডমন্টনের বাসিন্দা, তাদের ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সবাই তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় ছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

সহকারী কমিশনার ডেভিড তেবোউল জানান, হারদীপের হত্যাকাণ্ডের বিষয়ে আলাদা তদন্ত চলছে। এ ঘটনা শুধু গ্রেফতার হওয়া ব্যক্তিদের জড়িত থাকার মধ্যে সীমাবদ্ধ নয়।

নিহত হারদীপ সিং নিজার প্রকাশ্যে ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি স্বাধীন শিখ রাষ্ট্র খালিস্তানের পক্ষে প্রচার করে আসছিলেন। ১৯৭০-এর দশকে এ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করেন শিখ ধর্মাবলম্বীদের একটি অংশ। পরবর্তী দশকে দমনে সরকারি অভিযানে কয়েক হাজার আন্দোলনকারী নিহত হন।