রিপাবলিকান কট্টরপন্থীদের তীব্র আপত্তির পরও ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে ৯৫ বিলিয়ন ডলারের একটি বিশাল সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাস হয়েছে। বিলটি এখন ডেমোক্রেটিক-সংখ্যাগরিষ্ঠ সিনেটে চলে গেছে। দুই মাসেরও বেশি আগে একই ধরনের আরেকটি প্যাকেজ পাস করেছিল মার্কিন সিনেট।
প্রতিনিধি পরিষদে পাস হওয়া এ প্যাকেজের ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে ৬০ দশমিক ৮৪ বিলিয়ন ডলারের সহায়তা যাবে ইউক্রেনে, ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলার যাবে ইসরায়েলে ও ৮ দশমিক ১২ বিলিয়ন ডলার যাবে তাইওয়ানসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। খবর সিএনএন ও রয়টার্স।
আগে ইউক্রেনকে দেয়ার জন্য সামরিক সহায়তা প্যাকেজটি ৩১১-১১২ ভোট পাস হয়। ১১২ জন রিপাবলিকান প্রতিনিধি এর বিরোধিতা করলেও সমর্থন করেন ১০১ জন। ডেমোক্র্যাট প্রতিনিধিদের সবাই এর পক্ষে ভোট দেন।
এটি সহায়তার ফলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রাণ ফিরে পাবে ইউক্রেন। নিজেদের প্রতিরোধ লড়াই জারি রাখতে যুক্তরাষ্ট্রের এ সামরিক সহায়তা তাদের ভীষণভাবে প্রয়োজন ছিল এবং কয়েক সপ্তাহ ধরে কিয়েভ থেকে বারবার সাহায্য কামনা করা হচ্ছিল।
মার্কিন সহায়তা প্যাকেজ বিল প্রতিনিধি পরিষদের বাধা অতিক্রম করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন আইনপ্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে লড়াইয়ে তার দেশকে সমর্থন করে ইতিহাসকে সঠিক পথে পরিচালিত করতে চলেছেন মার্কিন আইনপ্রণেতারা।’
সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘আজ মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া অত্যাবশ্যক মার্কিন সহায়তা বিল যুদ্ধ সম্প্রসারণ হওয়া থেকে আমাদের রক্ষা করবে, হাজার হাজার জীবন বাঁচাবে এবং আমাদের উভয় দেশকে শক্তিশালী হতে সাহায্য করবে।’
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, নতুন মার্কিন আইন বিশ্বজুড়ে সংকটকে আরো গভীর করে তুলবে। টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘কিয়েভকে সামরিক সহায়তা প্রদান মানে সন্ত্রাসী কার্যকলাপের সরাসরি পৃষ্ঠপোষকতা করা।’
এ প্যাকেজে ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার পাশাপাশি পুনরায় আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানো এবং মানবিক ত্রাণ সহায়তার কথাও উল্লেখ আছে। এর আগে ইসরায়েলের জন্য প্রস্তাবিত সহায়তা প্যাকেজগুলো মার্কিন কংগ্রেসের পূর্ণ সমর্থন পেলেও এবার কিছুটা ব্যতিক্রম হয়েছে। কয়েক মাস ধরে প্রগতিশীল ডেমোক্র্যাটরা ইসরায়েল সরকারের বিষয়ে এবং গাজায় তাদের পরিচালিত যুদ্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। ইসরায়েলের জন্য প্রস্তাবিত সহায়তা প্যাকেজের ভোটাভুটিতে ওই ক্ষোভ প্রতিফলিত হয়েছে।
শনিবারের ভোটে ইসরায়েলের সহায়তা প্যাকেজের পক্ষে ভোট পড়ে ৩৬৬টি, বিপক্ষে ৫৮টি। ৩৭ জন ডেমোক্র্যাট ও ২১ জন রিপাবলিকান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।
রয়টার্স জানিয়েছে, প্যাকেজটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষ ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ সিনেটে পাঠানো হয়েছে।
প্রতিনিধি পরিষদের যে রিপাবলিকান কট্টরপন্থীরা প্যাকেজটির বিরোধিতা করছিলেন তাদের মধ্যে হাউজ স্পিকার মাইক জনসনও ছিলেন। তিনি প্রস্তাবিত আইনি প্যাকেজটি আটকে রেখেছিলেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ও সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল প্যাকেজটি ভোটে দেয়ার জন্য স্পিকার জনসনের ওপর চাপ সৃষ্টি করেছিলেন।
প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি নিয়ে মঙ্গলবার থেকে সিনেটে আলোচনা শুরু হবে। ওইদিনই এর ওপর কিছু প্রাথমিক ভোটাভুটি হবে। পরে আগামী সপ্তাহের কোনো একসময় চূড়ান্ত ভোট হবে। সিনেটে বিলটি অনুমোদন পাবে বলে ধারণা করা হচ্ছে।
এরপর সেটি যাবে প্রেসিডেন্ট বাইডেনের কাছে। বাইডেন সই করলেই প্যাকেজটি আইনে পরিণত হবে। বাইডেন আগেই বলেছেন, তিনি ওই সহায়তা প্যাকেজে সই করতে মুখিয়ে আছেন।










