চীনের বন্দরনগরী তিয়ানজিনে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৫তম শীর্ষ সম্মেলন। সম্মেলনে ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা যোগ দিচ্ছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সম্মেলনকে বন্ধুত্ব, সংহতি ও ফলপ্রসূ সহযোগিতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল আলোচ্যসূচিতে রয়েছে নিরাপত্তা সহযোগিতা, নবায়নযোগ্য শক্তি, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি, আঞ্চলিক বাণিজ্য ও আর্থিক সহযোগিতা। প্রস্তাবিত এসসিও ব্যাংক নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে এবারের সম্মেলনে।
এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিয়ানজিনে পৌঁছেছেন। এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তার।










