চলমান সরকার-বিরোধী বিক্ষোভ ঘিরে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে ভারত। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ নির্দেশনা দেয় তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। খবর আল জাজিরা।
ওই পোস্টে বলা হয়, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের (ছাত্রছাত্রী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ) বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো ধরনের পরিবহন ব্যবস্থায় দেশ ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে। সেইসঙ্গে ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকার এবং যেখানে প্রতিবাদ চলছে সেইসব এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেয়া হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ সহিংসতার আশঙ্কায় তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে।
মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া এ বিক্ষোভ গত তিন বছরে ইরানি কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। গত বছর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর আন্তর্জাতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এ অস্থিরতা দেখা দেয়।
মূলত গত ডিসেম্বরের শেষ দিকে এ বিক্ষোভ শুরু হয় এবং খুব দ্রুত তা দেশটির ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থার বিরুদ্ধে এক ব্যাপক আন্দোলনের রূপ নেয়। এ আন্দোলনে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২৬০০ মানুষের নিহতের তথ্য পাওয়া গেছে।














