যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো
ধরনের সংঘাতে জড়াতে চায় না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
তিনি বলেন, ‘আমরা ইরানের সঙ্গে কোনো সংঘাত চাই না। তবে আমাদের
সেনাদের রক্ষা ও ইসরায়েলের নিরাপত্তায় ব্যবস্থা নিতে দ্বিধা করব না।’ এদিকে ইরানের
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আল জাজিরা।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড
অস্টিন জানিয়েছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে যে শত শত
ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে তা ভূপাতিত করতে আমরা সাহায্য করেছি। লয়েড
অস্টিন ইরানের হামলাকে বেপরোয়া ও নজিরবিহীন উল্লেখ করে এর নিন্দা করেন।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী
নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ইরানের হামলার বিষয়ে এক বিবৃতি জারি করেছেন বাইডেন।
এতে বাইডেন বলেছেন, প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আগেই সেনা মোতায়েন করে
যুক্তরাষ্ট্র। তাছাড়া ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারেও তিনি অঙ্গীকার প্রকাশ করেন।










