যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ের প্রভাবে ৫৫ জনের প্রাণহানি ঘটেছে। এদের বেশির ভাগই হাইপোথার্মিয়া ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির ১০ রাজ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ান।
গত প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অনুভূত হচ্ছে স্মরণকালের তীব্র শীত। এ অবস্থা সপ্তাহের শেষ পর্যন্ত চলতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এমন পরিস্থিতিতে মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। চলমান এ ঠাণ্ডার মধ্যে নিউইয়র্কের রাস্তাঘাট ঝুঁকিপূর্ণ কালো বরফে ঢেকে যেতে পারে বলে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদরা নিউইয়র্ক সিটিতে যে পরিমাণ তুষারপাতের ধারণা করেছিলেন, গত শুক্রবার সেখানে তার চেয়েও বেশি তুষারপাত হয়েছে। এছাড়া তীব্র শীতকালীন ঝড় আঘাত হেনেছে প্রশান্ত উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্য-পশ্চিমাঞ্চল, সমভূমি, দক্ষিণ ও উত্তর-পশ্চিমাঞ্চলে। এর সঙ্গে সেখানে যোগ হয়েছে হাড় কাঁপানো ঠাণ্ডা, প্রচণ্ড তুষারপাত, বরফ ঝড়, ফ্রিজিং রেইন ও তীব্র বাতাস, যা গত দুই সপ্তাহ ধরে চলছে।
এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া কমিয়ে দেয়া হয়েছে অফিসের সময়। বিরূপ এ আবহাওয়ার প্রভাব জনজীবনে এতটাই বেশি পড়েছে যে এখন মানুষ রক্ত দিতেও যাচ্ছেন না।
প্রসঙ্গত, শীতকালীন এমন বিরূপ আবহাওয়ায় শুধু টিনাসে ১৯ জনের মৃত্যু হয়েছে।










