চলতি বছরের ফেব্রুয়ারি মাসকে সবচেয়ে
উষ্ণতম মাস হিসেবে উল্লেখ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা। সাম্প্রতিক ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাসের
এক বিবৃতিতে বছরের এই ছোট মাসটিকে অধিক উষ্ণতম মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয়
সময় বৃহস্পতিবার (৭ মার্চ) ইইউর বরাতে এ তথ্য প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আনাদোলু
এজেন্সি।
গণমাধ্যমটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের
ক্লাইমেট সার্ভিস গতমাসকে আধুনিক বিশ্বের উষ্ণতম ফেব্রুয়ারি বলে বর্ণনা করেছে। কোপার্নিকাসের
জলবায়ু পরিবর্তন পরিষেবা বলছে বিশ্বব্যাপী ফেব্রুয়ারি মাসে গড়ে বায়ুর তাপমাত্রা রেকর্ড
করা হয়েছে ১৩ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস। এই পরিসংখ্যানের তথ্যমতে, ১৯৯১ থেকে ২০২০ সালের
ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় শূন্য দশমিক ৮১ শতাংশ বেশি ছিল।
এর আগের রেকর্ডটি হয়েছিল ২০১৬ সালে।
সেবার তাপমাত্রা প্রায় শূন্য দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াসের মত বেশি ছিল। ফলে গত নয় মাসে
উষ্ণতায় রেকর্ড উচ্চতায় পৌঁছায় গত মাস। এছাড়া গত এক বছরের বৈশ্বিক গড় তাপমাত্রা ১৯৯১
থেকে ২০২০ সাল এর চেয়ে শূন্য দশমিক ৬৮ শতাংশ বেশি রেকর্ড করা হয়েছিল।
২০১৫ সালে প্যারিসে জলবায়ু বিষয়ে যে
চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছিল, চুক্তিতে সই করা দেশগুলো গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ উল্লেখযোগ্য
হারে কমিয়ে এনে বৈশ্বিক তাপমাত্রার গড় বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১ দশমিক
৫০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লড়াই করে যাবে। যাতে বিশ্বকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের
হাত থেকে রক্ষা করা যায়। প্রায় ২০০ দেশ ওই চুক্তিতে সই করে। যেটি প্যারিস জলবায়ু চুক্তি
নামে পরিচিত।
চুক্তিতে আগামী ২০ বছরের মধ্যে এই চেষ্টা
অব্যাহত থাকবে বলে বলা হয়েছিল। তাই কার্যত সেই চুক্তি এখনো লঙ্ঘন হয়নি।
তবে টানা কয়েক মাস ধরে যেভাবে উষ্ণ তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে
তাতে তেমনটি ঘটতে খুব বেশি দেরি নেই বলে সতর্ক করেছেন পরিবেশবিদরা।










