পেন আমেরিকা প্রকাশিত ফ্রিডম টু রাইট ইনডেক্স (লেখার স্বাধীনতা সূচক) অনুযায়ী, গত বছর অন্তত ৩৩৯ জন লেখককে ৩৩টি দেশের কারাগারে বন্দী করা হয়েছে, যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এই বৃদ্ধির পেছনে দায়ী করা হচ্ছে যুদ্ধকে। রাশিয়া ও ইসরায়েলে যুদ্ধের কারণে মতপ্রকাশ ও ভিন্নমতের ওপর দমনপীড়ন বেড়েছে। এই তালিকার শীর্ষে রয়েছে চীন (বন্দী লেখক ১০৭), ইরান (৪৯), সৌদি আরব (১৯) এবং ভিয়েতনাম (১৯)। খবর পেন ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনটির পঞ্চম সংস্করণে ২০১৯ সাল থেকে অন্যায়ভাবে কারাগারে বন্দী লেখকের সংখ্যার প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। বৈশ্বিক মোট সংখ্যা বাড়ার আরেকটি কারণ অনেক লেখক বছরের পর বছর ধরে জেলে আটকে আছেন এবং নতুন নতুন লেখককে টার্গেট করা হয়েছে। ২০২২ সাল থেকে কারাগারে থাকা নারীদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তালিকায় দেখা যাচ্ছে, অনলাইনে মত প্রকাশ করার অভিযোগে সবচেয়ে বেশি, ১৮০ জন লেখককে কারাগারে পাঠানো হয়েছে। এই তালিকায় যেসব সাংবাদিক কলাম লেখেন তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পেন আমেরিকা অন্যায়ভাবে বন্দী সব লেখককে মুক্তি দেয়ার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে লেখকদের লেখার স্বাধীনতা দেয়ার বিষয়ে সমর্থন জানানোর আহ্বান জানানো হয়েছে। এছাড়া সমাজে লেখকদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান হয়।










