কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ। তবে এ ভবনে কোনো বাংলাদেশী হতাহত বা নিহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল হোসেন। তিনি কুয়েতের মানগাফের আগুন লাগা ওই ভবনটি পরিদর্শন করেছেন। বুধবার (১২ জুন) তিনি হোয়াটসঅ্যাপে জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই যে ওই আবাসিক ভবনে কোনো বাংলাদেশী শ্রমিক থাকতেন।

তিনি বলেন, ‘বাংলাদেশীরা মূলত পরিচ্ছন্নতা খাতে এবং ভারতীয় ও নেপালিরা নির্মাণ খাতে কাজ করে।’ তাছাড়া যে প্রতিষ্ঠানের কর্মীরা সেখানে থাকেন তাদের সেখানে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত কোনো চাকরির চাহিদাপত্র নেই।

আবুল হোসেন বলেন, ‘এর মানে হলো, আগুন লাগা ভবনে কোনো বাংলাদেশী নেই এবং আগুনে আহত বা নিহত হননি।’ তারপরও দূতাবাস এ বিষয়ে আরো খোঁজখবর নেবে বলে তিনি জানান।