যুক্তরাজ্যের আদালতে ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেকা দাবি করেছে যে, তাদের তৈরি কভিড-১৯ টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে রক্ত জমাট বাঁধাসহ একাধিক ঘটনা ঘটে থাকতে পারে। এরপরই সেরাম ইনস্টিটিউটের তরফে মুখ খোলেন তাদের মুখপাত্র। এই পরিস্থিতিতে কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই প্রেক্ষাপটে ভারতীয় চিকিৎসকদের সংগঠন ‘অ্যাওয়েকেন ইন্ডিয়া মুভমেন্ট’ কভিডের সব টিকা পরীক্ষা করার দাবি জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

‘অ্যাওয়েকেন ইন্ডিয়া মুভমেন্ট’ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছে, যাতে কভিডের সব টিকার পর্যালোচনা করা হয়। এছাড়া অ্যাস্ট্রাজেনেকা বিতর্কের মাঝে উদ্বেগ প্রকাশ করেছে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড নিয়ে।

সরকারের কাছে ওই চিকিৎসক গোষ্ঠীর আবেদন, ‘‌যত কভিড টিকা রয়েছে, তার বৈজ্ঞানিক সত্যতা যাচাই করা হোক।’ এই টিকার বাণিজ্যিকীকরণের ওপর অডিট করার পক্ষে আবেদন জানিয়েছে সংগঠনটি।

এছাড়া সংগঠনটি চাইছে কভিড টিকা নিয়ে কড়া নজরদারি। চিকিৎসকরা চাইছেন, ভ্যাকসিনের ক্ষতিকারক দিকগুলো খুঁজে বের করা হোক। প্রয়োজনে এই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াতে চালানো হোক নজরদারি।

রেডিওলজিস্ট চিকিৎসক তরুণ কোঠারি বলেন, ‘‌সরকার কভিড টিকাদানের পর মর্মান্তিক মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এবং বৈজ্ঞানিক তদন্ত ও মহামারীবিদ্যার আহ্বান ছাড়াই কভিড ভ্যাকসিনগুলোকে নিরাপদ ও কার্যকর হিসাবে প্রচার করেছে।’