ফিলিস্তিনের গাজায় রাফাহ অঞ্চলে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। পাল্টা আক্রমণে অংশ নিচ্ছে হামাস। চলমান এ লড়াইয়ে ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) এ সেনা নিহত হন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে গাজার সর্ব দক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এ প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।
বুধবার (১৫ মে) এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, নিহত ওই সেনার নাম সার্জেন্ট আইরা ইয়ার জিস্পান। ১৯ বছর বয়সী আইরা ইসরায়েলের পেতাহ তিভকা এলাকার বাসিন্দা। তিনি সপ্তম আর্মড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধ ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুদিন পরই গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ স্থল অভিযানে এ নিয়ে ২৭৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, পূর্ব রাফায় অভিযান চালানোর সময় গিভাতি ব্রিগেড হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রে হানা দেয়। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে হত্যা এবং অস্ত্রশস্ত্র জব্দ করে সেনারা।
ইসরায়েলের দাবি, হামাসের এখনো অবশিষ্ট থাকা ছয়টি ব্যাটালিয়নের চারটি রাফায় রয়েছে। পাশাপাশি হামাসের নেতৃত্বের বড় অংশ এবং লুকিয়ে রাখা ইসরায়েলি জিম্মিদের অনেকে সেখানে রয়েছেন।
ইসরায়েলের হামলার মুখে উত্তর ও মধ্য গাজা থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করলে গত কয়েক দিনে সাড়ে চার লাখের বেশি ফিলিস্তিনি রাফা ছেড়ে যান। জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ গাজার পাশাপাশি উত্তর গাজায়ও নতুন করে স্থল অভিযান শুরু করলে ৬ মে থেকে ছয় লাখের বেশি ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হন।
এদিকে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।










