ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে আলাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামীকাল রোববার এই দুই নেতার ফোনালাপ হবে। দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।
খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্যপ্ত বাক্যবিনিময়ের পর ইউক্রেনের প্রেসিডেন্টর সঙ্গে আলাপের সিদ্ধান্ত নেন বাইডেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জেলানস্কির সঙ্গে আলাপে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত এবং দেশটির সীমান্তে রুশ সেনা উপস্থিতির বিষয়ে আলোচনা করবেন বাইডেন। এ অঞ্চলে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে সহায়তায় আসন্ন কূটনৈতিক সম্পৃক্ততার প্রস্তুতি নিয়ে পর্যালোচনাও করবেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে আলাপের অপেক্ষায় রয়েছেন জানিয়ে টুইটও করেছেন ভলোদিমির জেলানস্কি।











