বিনা চালকে প্রায় ৭০ কিলোমিটার পথ অতিক্রম করেছে ভারতের একটি মালবাহী ট্রেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ট্রেনটিকে দ্রুত গতিতে বেশ কয়েকটি স্টেশন অতিক্রম করতে দেখা যায়। এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির রেলপথ কর্তৃপক্ষ। খবর বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ট্রেনটি রোববার (২৫ ফেব্রুয়ারি) জম্মু কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর পর্যন্ত চালক ছাড়াই প্রায় ৭০ কিলোমিটার পথ অতিক্রম করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) বরাতে বিবিসি জানিয়েছে, ঘটনাটি রোববার সকাল ৭টা ২৫ থেকে ৯টার মধ্যে ঘটেছে। পাথর বোঝাই ৫৩টি বগি নিয়ে প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলেছে ওই ট্রেন। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন থেকে নামার আগে চালক এবং তার সহকারীরা হ্যান্ড ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা বলেছেন, তারা ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি চিহ্নিত করার চেষ্টা করছেন।