শিগগিরই উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, দুই দশকেরও বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় রুশ নেতার প্রথম সফর হবে এটি।
গত সপ্তাহে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছিলেন, কিম জং-উনের আমন্ত্রণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করবেন বলে রাশিয়া প্রত্যাশা করছে। আর এ সফর ‘অদূর ভবিষ্যতে’ হবে। তবে সফরের নির্দিষ্ট তারিখের বিষয়ে এখনো উভয়পক্ষ একমত হয়নি।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ও পিয়ংইয়ং উত্তর কোরিয়ার সার্বভৌম অধিকারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি মোকাবেলায় দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ।










