বিশ্বখ্যাত ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামের পারিবারিক বিবাদ প্রকাশ্যে এসেছে। বড় ছেলে ব্রুকলিন পেল্টজ বেকহ্যাম এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন, তিনি তার বাবা-মায়ের সঙ্গে আর কোনো সমঝোতা বা পুনর্মিলন চান না। তার অভিযোগ, বেকহ্যাম দম্পতি নিজেদের ‘পাবলিক ইমেজ’ রক্ষা করতে দীর্ঘ দিন ধরে ব্রুকলিন ও তার স্ত্রী নিকোলার বিরুদ্ধে সংবাদমাধ্যমে মিথ্যাচার করছেন। খবর বিবিসি।

নিজের ১৬ মিলিয়ন ফলোয়ারের উদ্দেশে দেয়া এক পোস্টে ব্রুকলিন দাবি করেন, তার মা ভিক্টোরিয়া বেকহ্যাম বিয়ের আগমুহূর্তে নিকোলার বিয়ের পোশাক তৈরি বন্ধ করে দিয়েছেন, প্রথম নাচ বা ‘ফার্স্ট ডান্স’ এর মুহূর্তে স্ত্রীর সঙ্গে নাচে হস্তক্ষেপ করেছেন এবং এমনকি তার নামের স্বত্ব ছাড়ার জন্য তাকে চাপও দিয়েছেন।

ব্রুকলিন বলেন, ‘আমি দীর্ঘদিন চুপ ছিলাম। কিন্তু আমার পরিবার গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে চলেছে। আমি আমার নিজের পক্ষে দাঁড়াচ্ছি, প্রথমবার জীবনে সপক্ষে বলছি।‘ তিনি দাবি করেছেন যে, পরিবার সব সময় সামাজিক প্রচার ও ব্র্যান্ডের প্রচারণাকে প্রাধান্য দেয়, এবং পরিবারের ‘ভালোবাসা’ নির্ভর করে কতটা প্রকাশ্যে শেয়ার করা হচ্ছে তার ওপর।

ব্রুকলিন অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, তার বাবা-মায়ের কাছে পরিবারের চেয়ে ‘ব্র্যান্ড বেকহ্যাম’ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার গুরুত্ব বেশি। তিনি বলেন, ‘আমি সারাজীবন বাবা-মায়ের নিয়ন্ত্রণে ছিলাম, যার ফলে আমি তীব্র মানসিক চাপে ভুগতাম। পরিবার থেকে দূরে সরে আসার পর প্রথমবারের মতো আমি শান্তিতে আছি।‘

গত মে মাসে ডেভিড বেকহ্যামের ৫০তম জন্মদিনের পার্টিতে ব্রুকলিনের অনুপস্থিতি নিয়ে অনেক গুঞ্জন ছিল। ব্রুকলিন জানান, তিনি ও তার স্ত্রী জন্মদিনের জন্য লন্ডন গেলেও তার বাবা তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। ডেভিড শর্ত দিয়েছিলেন যে, তিনি কেবল একা দেখা করবেন, স্ত্রীকে সঙ্গে আনা যাবে না। এ শর্তকে ব্রুকলিন ‘গালে চড় মারার মতো অপমান’ বলে আখ্যা দিয়েছেন।

ব্রুকলিন দাবি করেন, তার ছোট ভাইদেরও (রোমিও ও ক্রুজ) তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণ করতে ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে কোনো কারণ ছাড়াই তার ভাইরাও তাকে ব্লক করে দিয়েছে।

অন্যদিকে, স্যার ডেভিড ও লেডি বেকহ্যামের পক্ষ থেকে এখনো এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠরা বরাবরই পারিবারিক বিবাদের বিষয়টি অস্বীকার করে এসেছেন।