পরিবারের ভেতরের বিরোধ প্রকাশ্যে আসার এক দিন পর সন্তানদের বিষয়ে পরোক্ষ মন্তব্য করলেন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা স্যার ডেভিড বেকহ্যাম। তিনি বলেছেন, বাবা–মায়েদের উচিত সন্তানদের ‘ভুল করতে দেয়া’, কারণ ভুলের মাধ্যমেই তারা শেখে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনবিসির স্কোয়াক বক্স অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ডেভিড বেকহ্যাম সরাসরি পারিবারিক বিরোধের প্রসঙ্গ তোলেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, সন্তানদের লালন-পালন এবং ভুল থেকে শেখার গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি।

ডেভিড বলেন, ‘আমি আমার প্ল্যাটফর্ম ও অনুসারীদের ইউনিসেফের কাজে ব্যবহার করেছি, যাতে বিশ্বজুড়ে শিশুদের বিষয়ে মানুষ সচেতন হয়। একইভাবে আমি আমার সন্তানদের শিক্ষিত করার চেষ্টা করেছি। তারা ভুল করে। শিশুরা ভুল করতেই পারে। এভাবেই তারা শেখে। কখনো কখনো সেই ভুলগুলো করতে দেয়াও জরুরি।‘

এই মন্তব্য এলো তার ছেলে ব্রুকলিন বেকহ্যামের একটি ইনস্টাগ্রাম পোস্টের এক দিন পর। মা-বাবার বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ব্রুকলিন। তিনি তার পোস্টে দাবি করেছেন, তার মা-বাবা দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে তার সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছেন। শুধু তাই নয়, তার স্ত্রী নিকোলা পেল্টজের সঙ্গে তার সম্পর্ক নষ্ট করার চেষ্টাও করছেন তারা।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি ছিল বিয়ের পোশাক নিয়ে। ব্রুকলিনের দাবি, বিয়ের ঠিক আগ মুহূর্তে তার মা ভিক্টোরিয়া বেকহ্যাম নিকোলার বিয়ের পোশাক তৈরি করতে অস্বীকৃতি জানান। ফলে শেষ মুহূর্তে নিরুপায় হয়ে নিকোলাকে অন্য ডিজাইনারের পোশাক খুঁজে নিতে হয়। ব্রুকলিন বলেন, ‘আমার মা-বাবা বিয়ের আগে থেকেই আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছেন এবং এটি এখনো থামেনি।‘

তিনি আরো দাবি করেছেন যে, পরিবার সব সময় সামাজিক প্রচার ও ব্র্যান্ডের প্রচারণাকে প্রাধান্য দেয়, এবং পরিবারের ‘ভালোবাসা’ নির্ভর করে কতটা প্রকাশ্যে শেয়ার করা হচ্ছে তার ওপর।

উল্লেখ্য, ২০২২ সালে মার্কিন বিলিয়নেয়ার নেলসন পেল্টজের কন্যা নিকোলা পেল্টজকে বিয়ে করেন ব্রুকলিন। বিয়ের পর থেকেই শাশুড়ি ভিক্টোরিয়ার সঙ্গে পুত্রবধূ নিকোলার বনিবনা না হওয়ার খবর শোনা যাচ্ছিল। ব্রুকলিনের চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়।