সপ্তাহ বিস্তৃত তীব্র তাপপ্রবাহে বলকান অঞ্চলসহ ইউরোপের অধিকাংশ অঞ্চলই পুড়ছে। আবহাওয়াবিদরা বলছেন, এ তীব্র তাপপ্রবাহে দাবানলসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। চলমান এ দাবদাহের প্রভাবে প্রথমবারের মতো সার্বিয়ান লেক শুকিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন তারা।

বেলগ্রেডভিত্তিক আবহাওয়াবিদ ভ্লাদিমির জুর্ডজেভিক রয়টার্সকে বলেছেন, এ মুহূর্তে আমরা এক বৈরী আবহাওয়ার মধ্যে অবস্থান করছি। তাপপ্রবাহকে চিত্রায়ণ করা হয় মূলত এর তীব্রতা ও সময়কাল দ্বারা। জলবায়ুর সামগ্রিক পরিবর্তনের কারণে সামনের দিনগুলোয় বিশ্ব অতি উত্তপ্ত গ্রীষ্মের সম্মুখীন হবে।

ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো ও উত্তর মেকডোনিয়ায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস (১০২ ফারেনহাইট) ছাড়িয়েছে। ইউক্রেনেও অস্বাভাবিক দাবদাহ বিরাজ করছে। রেকর্ড ছাড়ানো তীব্র এ তাপপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির ডাল ও তেলবীজ জাতীয় ফসলের ওপর। এছাড়া দেশটিতে বিদ্যুৎ বিভ্রাটও ব্যাপক আকার ধারণ করেছে বলে জানা গেছে।

আবহাওয়া সার্ভিস ‘এইএমইটি’ বলেছে, স্পেন গ্রীষ্মকালে প্রথমবারের মতো তীব্র তাপপ্রবাহের সম্মুখীন হতে চলেছে। বাইরে কাজ করে এমন নাগরিকদের জন্য দেশটি থেকে সচেতনতামূলক প্রচারণার আয়োজন করেছে। স্পেনের ভূমধ্যসাগরীয় বেলিয়ারিক দ্বীপজুড়ে দাবদাহের জন্য সতর্কতা জারি করেছে এইএমইটি। হিট স্ট্রোক ও সোলার রেডিয়েশনের ঝুঁকি নিয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ‘উইথ সান ইটস টাইম ফর কশন’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে।

এইএমইটির পূর্বাভাস অনুযায়ী, আইবেরিয়ান পেনিনসুলার অধিকাংশ দেশের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ দশমিক ৪ ফারেনহাইট) অতিক্রম করবে। দক্ষিণের গুয়াদাল্কুইভি ভ্যালিতে তাপমাত্রা ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে।

অন্যদিকে ইউরোপের আরেক দেশ গ্রিসে তাপমাত্রা ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘অ্যাক্রোপলিস’-এ দর্শনার্থী প্রবেশ বন্ধ রেখেছে দেশটির সরকার।

দেশটির শ্রমমন্ত্রী নিকি কেরামিউস উদ্ভূত পরিস্থিতিতে বলেছেন, আমরা এক তীব্র জলবায়ু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। যে কারণে নাগরিক, দর্শনার্থী ও কর্মীদের সুরক্ষার কথা চিন্তা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে গ্রিসের আবহাওয়া অফিস সতর্কতা জারি করে বলছে, তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় নাগরিকদের বাইরে কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে।