গাজায় ইসরায়েলের হামলার শুরু থেকেই
প্রধান শিকার হয়ে আসছে নারী ও শিশুরা। এ পর্যন্ত প্রায় ১৬ হাজার নারী ও শিশু নিহত
হয়েছে। জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতি ঘণ্টায়
গড়ে দুজন মাকে হত্যা করা হয়। খবর আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলার
মোট নিহতের মাঝে নারী ও মেয়ে শিশুদের সংখ্যা রয়েছে সামনে, প্রায় ৭০ শতাংশ।
গত ৭ অক্টোবর ইসরায়েল হামলার শুরুর
পর থেকে গাজায় পিতৃহারা হয়েছেন ১০ হাজার শিশু। বাস্তুচ্যুতদের মধ্যে ১০ লাখ নারী ও
মেয়ে শিশু রয়েছে।
লৈঙ্গিক সমতা প্রচারকারী সংস্থা ইউএন
উইমেন গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, ওই অঞ্চলে নারী ও মেয়েরা নিরাপত্তা,
স্বাস্থ্যসেবা, আশ্রয় থেকে বঞ্চিত। তারা এখন ‘আসন্ন অনাহার ও দুর্ভিক্ষের মুখোমুখি’
হয়ে দিন কাটাচ্ছে।
সংস্থার নির্বাহী পরিচালক সিমা বাহাউস
এক বিবৃতিতে বলেছেন, এ ১০০ দিন ও নিহতের সংখ্যা ফিলিস্তিনি জনগণের ওপর যে আঘাত হেনেছে,
তা আগামী প্রজন্মকেও তাড়িত করবে।
আরো বলেন, আজ গাজার নারী ও মেয়েদের
অবস্থা নিয়ে আমরা যতই শোক করি না কেন, আগামীকাল মানবিক সহায়তাবিহীন অবস্থায় এবং ধ্বংস
ও হত্যার মাধ্যমে সমাপ্তি নিয়ে শোক করব।
ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে
২৪ হাজার ৭৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ৬২ হাজার ১০৮ জন। এছাড়া নিখোঁজ
রয়েছেন কয়েক হাজার মানুষ।
অন্যদিকে দক্ষিণ ইসরায়েলে হামাসের
আকস্মিক হামলায় প্রায় এক হাজার ৩০০ জন নিহত হয়। জিম্মি হিসেবে ধরা নেয়া হয় ২৪০ জনকে,
যাদের মধ্যে কয়েক ডজন এরই মধ্যে মুক্তি পেয়েছেন।










