রাশিয়ার শীর্ষ দুই কমান্ডারের বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট
জেনারেল সের্গেই কোবিলাশ ও নৌবাহিনীর অ্যাডমিরাল ভিক্টর সোকোলভের বিরুদ্ধে ইউক্রেনে
যুদ্ধাপরাধের অভিযোগে গতকাল মঙ্গলবার (৫ মার্চ) এই গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক
আদালত। খবর রয়টার্স।
গণমাধ্যমটি জানিয়েছে, বেসামরিক স্থাপনায়
হামলার নির্দেশ দেওয়ায় তাদের যুদ্ধাপরাধে অভিযুক্ত করা হয়েছে। ২০২২ সালের ১০ অক্টোবর
থেকে ২০২৩ সালের ৯ মার্চ পর্যন্ত ইউক্রেনে অমানবিক কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
আইসিসির প্রসিকিউটর করিম খান বলেছেন,
সকল যুদ্ধের একটি নীতিমালা আছে। তারা এক্ষেত্রে যুদ্ধের নীতিমালা লঙ্ঘন করেছে।
অভিযুক্তদের গ্রেফতার করতে আদালত রাশিয়ার
সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।
তাৎক্ষনিকভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এ নিয়ে দ্বিতীয় দফায় রাশিয়ার বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসি। গত বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিন এবং রাশিয়ার শিশু বিষয়ক কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জারি করে আইসিসি।










