ইয়েমেনে সরকারের অনুগত বাহিনীগুলোর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে ৬০ জনের বেশি নিহত হয়েছে। গতকালের এ সংঘর্ষে নিহতদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছে বলে দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছে। খবর আরব নিউজ।
ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, এ দিন দেশটির দক্ষিণ-পশ্চিমে দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হন। অন্যদিকে ইরান সমর্থিত হুথিদের চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানিয়েছে, এ লড়াইয়ে ৩১ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন।
সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের এক মেডিকেল সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নাগরিক নিহত ও আরো সাতজন আহত হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার শুক্রবার হুথিদের অবস্থানে ধারাবাহিকভাবে বিমান হামলা চালায়। এতে দুই পক্ষের সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়ে ওঠে। ২০২২ সালে ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে দেশটির কিছু তীব্র লড়াইয়ের মধ্যে এটি অন্যতম।
ইয়েমেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এদিন সরকারি যুদ্ধবিমানগুলো তায়িজ ও হোদেইদাহে হুথিদের অবস্থান, সেনা সমাবেশ ও গাড়ি লক্ষ্য করে অন্তত ১৫ বার আঘাত হেনেছে।








