তুরস্ক সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজা বিরোধ ও ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে পুনর্মিলনের প্রচেষ্টা থাকছে চলতি সপ্তাহের এ সফরের আলোচ্য সূচিতে। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর ডন।

গাজায় রমজানের আগেই যুদ্ধবিরতি কার্যকর করতে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। তবে উপত্যকাটিতে ইসরায়েলি হামলা চলমান থাকায় যুদ্ধবিরতির শর্তে মত দিচ্ছেন না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অন্যদিকে তেল আবিবের দাবি হামাস জীবিত জিম্মিদের তালিকা প্রকাশ না করায় তারা হামলা অব্যাহত রেখেছে।

তবে রমজানের আগেই যেন গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় সে বিষয়ে জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট দেশগুলো। গতকাল রোববার (৩ মার্চ) ভূমধ্যসাগরীয় এক বার্ষিক কূটনৈতিক ফোরামের সমাপনী বক্তব্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, মঙ্গলবার রাষ্ট্রীয় আমন্ত্রণে তুরস্ক সফর করবেন আব্বাস। রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।