গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত রাতের হামলায় নিহতদের নিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৫১ হাজার ৩০৫ ছাড়িয়েছে। আর আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৭ হাজার ৯৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৯২৮ ফিলিস্তিনি নিহত এবং আরও পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় যুদ্ধরত ইসরাইল, পরবর্তী পর্যায়ের মতবিরোধের মধ্যে দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্চ মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় ইসরাইল হামলা শুরু করে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া এ অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস বলেছে, ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক সহায়তায় বাধা গাজাকে ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা মানুষের কবরস্থানে পরিণত করেছে।










