ফিলিস্তিনের গাজায় পাঁচ মাস ধরে চলা ইসরায়েলি হামলা ‘নৃশংস অপরাধ’ উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে দেশটির নাম উল্লেখ না করে গতকাল রোববার (১০ মার্চ) এক লিখিত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। খবর আনাদোলু এজেন্সি।

গণমাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলার মধ্যে এবারের রমজান এসেছে বলে দুঃখ প্রকাশ করেছেন ৮৮ বছর বয়সী সৌদি বাহশাহ। তিনি বলেন, এটি আমাদের জন্য বেদনাদায়ক যে ফিলিস্তিনি ভাইদের ওপর হামলার মধ্যে এ বছরের রমজান মাস এসেছে। বাদশাহর পক্ষে লিখিত বক্তব্যটি পাঠ করেন তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি। সৌদি আরবে সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়া উপলক্ষে এ বক্তব্য দেন সালমান বিন আবদুল আজিজ।

গাজায় এমন নৃশংস অপরাধ বন্ধ করতে এবং সেখানে মানবিক করিডোরের ব্যবস্থা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন সৌদি বাহশাহ।

গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। হামাসের ওই হামলার পর উপত্যকাটিতে প্রতিশোধমূলক হামলা শুরু করে তেল আবিব। এতে গত পাঁচ মাসে নিহত হয়েছেন ৩১ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছেন ৭২ হাজার ৫০০।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি আকাশ ও স্থল হামলায় বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী। এছাড়া সেখানকার ৬০ শতাংশ স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে বিশ্বের ওই মানবাধিকার সংস্থাটি।

গাজায় ইসরায়েল জাতিগত নিধনযজ্ঞ বা গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। চলতি বছরের জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গাজা উপত্যকায় গণহত্যা বন্ধের নির্দেশ দেন আদালত। এছাড়া সেখানে বেসামরিক জনগণের মানবাধিকার নিশ্চিত করার নির্দেশ দেয়া হলেও গণহত্যা অব্যাহত রেখেছে দেশটি।