ইউক্রেনের প্রতিরক্ষা সীমানা ভাঙতে শক্তিশালী নতুন এক ধরনের বোমার ব্যবহার শুরু করেছে রাশিয়া। ইউক্রেন আক্রমণের উদ্দেশে সোভিয়েত যুগের একটি অস্ত্রকে গ্লাইডিং বোমায় রূপান্তর করেছে দেশটি। এ বোমা ১৫ মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি করতে সক্ষম। আকাশ থেকে নিক্ষেপ করা রাশিয়ার এ নতুন বোমা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে তাদের ফ্রন্টলাইনের উল্লেখযোগ্য ক্ষতি সাধন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর সিএনএন।
উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকে পূর্ণ ফ্যাব-১৫০০ নামক এ বোমার ওজন দেড় টন। বোমাটি ফাইটার জেটের সাহায্যে ৬০-৭০ কিলোমিটার উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়। রাশিয়ান যুদ্ধবিমানগুলো ইউক্রেনের বিমান প্রতিরক্ষা পরিসরের বাইরে থেকে ইউক্রেনে এ বোমার সাহায্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
গত সপ্তাহে দোনেৎস্কের ফ্রন্টলাইন শহর ক্রাসনোহরিভকা থেকে ইউক্রেনের ৪৬তম এয়ারমোবাইল ব্রিগেডের একজন সৈনিক ফ্যাব-১৫০০ বোমার বিষয়টি নিশ্চিত করে সিএনএনকে বলেছিলেন, আগে কামান দিয়ে গোলাবর্ষণ করলেও রাশিয়া এখন আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে। আক্রমণের জন্য রাশিয়া এখন ফ্যাব-১৫০০ বোমা ব্যবহার করা শুরু করেছে।
তিনি আরো বলেন, আক্রমণের জন্য রাশিয়ার ফ্যাব-১৫০০-কে বেছে নেয়ার অন্যতম কারণ হচ্ছে, সৌভাগ্যবশত বেঁচে থাকলেও এ বোমার আঘাত গুরুতর আহত হওয়ার নিশ্চয়তা দেয়। এ ধরনের অস্ত্র সৈনিকদের মনোবল দুর্বল করে দেয়। দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান আক্রমণে ফ্যাব বোমার ব্যবহার যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। বিশেষ করে আভদিভকা ও এর আশপাশে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য রাশিয়ানরা ব্যাপক আকারে এ বোমার ব্যবহার করছে।
এ বিষয়ে ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত সিএনএনকে বলেছেন, আভদিভকার যুদ্ধের প্রাক্কালে রাশিয়া কয়েকদিনের মধ্যে কয়েকশ বিমান বোমা নিক্ষেপ করেছিল। এর মধ্যে আভদিভকায় মাত্র ৪৮ ঘণ্টায় ২৫০টি বোমা নিক্ষেপ করা হয়েছিল। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন সিনিয়র রিসার্চ ফেলো জাস্টিন ব্রঙ্ক বলেছেন, যদিও গ্লাইড কিটগুলো তৈরি করা একটি কষ্টসাধ্য ব্যাপার, তবুও রাশিয়া এ মৌলিক বিস্ফোরক প্যাকেজটি তৈরিতে যা ব্যবহার করছে তার কাঁচামাল তাদের কাছে প্রচুর পরিমাণে আছে এটা নিশ্চিত।
যখন ফ্যাবের যথার্থতা পরীক্ষা করা হচ্ছিল, তখন রাশিয়ার সামরিক ব্লগাররা এর নির্ভুলতার প্রশংসা করেছিল। গত বছরের সেপ্টেম্বরে ফাইটার বোম্বার নামক একটি রাশিয়ান টেলিগ্রাম চ্যানেল উল্লেখ করেছে যে অনেক মাস ধরে চলা পরীক্ষার পর অবশেষে একটি ফ্যাব-১৫০০ প্রথমবারের মতো নিখুঁতভাবে তার যুদ্ধ লক্ষ্যে আঘাত করেছে। ফাইটার বোম্বার সম্প্রতি দাবি করেছে, নতুন উন্নত গ্লাইড কিট বোমার পরিসর বাড়িয়েছে।
রাশিয়া ইউক্রেন আক্রমণে ফ্যাব-১৫০০ ব্যবহার দিন দিন বাড়াচ্ছে। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফ্যাব বহনকারী বিমানগুলোকে ৭০ কিলোমিটার দূর থেকে আঘাত করার জন্য যথেষ্ট নয়। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত সিএনএনকে বলেন, আমাদের প্রতিরক্ষা বাহিনী দিন দিন আরো শক্তি অর্জন করছে, কিন্তু ফ্যাবের সঙ্গে পাল্লা দিয়ে ওঠার মতো পর্যাপ্ত শক্তি এ মুহূর্তে আমাদের নেই।










