ইথিওপিয়ার
দক্ষিণাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে
পৌঁছেছে। এই সংখ্যা ৫০০ জনে পৌঁছাতে
পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২৫ জুলাই) রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো
হয়েছে।
উদ্ধারকারীরা
এখনো কেনচো শাচা গোজদির ক্ষতিগ্রস্ত
এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রাও যোগ দিয়েছেন উদ্ধারকারীদের সঙ্গে। ২৫ জুলাই পর্যন্ত
মৃতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে
দাঁড়িয়েছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে
জানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা ৫০০ জনে পৌঁছাতে
পারে।
ওসিএইচএ
বলছে, ভূমিধসের উচ্চ ঝুঁকির কারণে
১৫ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়া দরকার। এই ঝুঁকিপূর্ণদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী এক
হাজার ৩২০ শিশু ও
পাঁচ হাজার ২৯৩ জন গর্ভবতী
নারী বা সদ্য প্রসূতিও
রয়েছেন।
জাতিসংঘ
প্রধান আন্তোনিও গুতেরেস এ বিপর্যয়ের জন্য
তার সমবেদনা জানিয়েছেন। তার মুখপাত্র স্টিফেন
দুজারিক বলেন, তিনি গভীর দুঃখ
প্রকাশ করেছেন। জাতিসংঘের সংস্থাগুলো ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও অন্যান্য সাহায্যের
জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ
পাঠাচ্ছে।










