ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)–এর প্রেসিডেন্ট নীতিশ কুমার। স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনীতিবিদের দশবার মুখ্যমন্ত্রীর শপথ নেয়ার ঘটনা এ প্রথম। খবর এনডিটিভি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজ্যের রাজধানী পাটনার ঐতিহাসিক গান্ধী মাঠে আয়োজিত অনুষ্ঠানে নীতিশ কুমারের সঙ্গে শপথ নেন আরো ৩০ মন্ত্রী। তাদের মধ্যে ১৬ জন বিজেপির। বাকি ১৪টি মন্ত্রণালয় পেয়েছে জেডিইউ।

বিহারের ২৪৩ আসনের বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৬ ও ১১ নভেম্বর। নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে গড়ে ৬৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এনডিএ নেতৃত্বাধীন বিজেপি–জেডিইউ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছে। ২৪২টি আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ২০২টি আসন। এর মধ্যে বিজেপি এককভাবে জয়ী হয়েছে ৮৯ আসনে, জেডিইউ পেয়েছে ৮৫ আসন। শরিক চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি পেয়েছে ১৯টি আসন, জিতেন রাম মাঝির আওয়াম মোর্চা পেয়েছে ৫টি ও রাষ্ট্রীয় লোক মোর্চা পেয়েছে ৪টি আসন।

অন্যদিকে কংগ্রেস–রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতৃত্বাধীন মহাগঠবন্ধন পেয়েছে ৩৫টি আসন।