গাজার রাফায় ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। পাশের নেৎজারিম করিডরে নিহত হয়েছেন আরো একজন।
রোববার (১ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলায় ১১৫ জনের বেশি আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
এর আগে ২৮ মে হামাস গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলার অভিযোগ তুলেছিল। সে সময় হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত ও ৪৬ জন আহত হয়। তবে ত্রাণ সংস্থাটি পরে সে অভিযোগ অস্বীকার করে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ত্রাণ বিতরণকেন্দ্রে হাজারো ফিলিস্তিনি ভিড় করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘাঁটির বাইরের এলাকায় সতর্কতামূলক গুলি ছোড়া হয়।
জিএইচএফ মূলত যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার–ভিত্তিক মার্কিন সংস্থা, এটি ইসরায়েলও সমর্থন দেয়। সংস্থাটি সম্প্রতি গাজায় তাদের কার্যক্রম শুরু করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সংস্থাটির ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে বিতর্ক আছে।















