মিয়ানমারের মান্দালয়ের উত্তর-পশ্চিমে ২৮ কিলোমিটার (১৭.৪ মাইল) দূরে মাত্তারা টাউনশিপে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ (৩০ মার্চ) বিকাল ৩টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

মাত্তারার পাশের শহর আমারাপুরার একজন বাসিন্দা বিবিসি বার্মিজকে বলেছেন, ২৮ মার্চের ভূমিকম্পের পর এটি ছিল সবচেয়ে শক্তিশালী কম্পন এবং এটি আমরা অনুভব করেছি।

এছাড়াও শনিবার মধ্যরাতের দিকে ওই এলাকায় আরো একটি ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে মিয়ানমারে ১,৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে থাইল্যান্ডসহ পার্শ্ববর্তী দেশগুলোতেও।

জাতিসংঘ সতর্ক করেছে যে, মিয়ানমারে শুক্রবার আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের পর চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট দেখা যাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এখনো ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান চলছে।