চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশে ভূমিধসে ২ জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৫টা ৫১ মিনিটে স্থানীয় সময় ইউনান প্রদেশের জেনসিয়ং নগরীতে এ ঘটনা ঘটে। এতে ১৮টি বাড়ির ৪৭ জন মানুষ চাপা পড়েছেন। শূন্যের কম তাপমাত্রার ওই এলাকায় পুরোপুরি উদ্ধার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। খবর রয়টার্স।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়, স্তুপের নিচ থেকে অচেতন মানুষদের বের করা হচ্ছে। লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে জানান, ঘুমন্ত অবস্থায় ভূমিধসের ঘটনা ঘটে। তিনি বলেন, প্রবল ঝাঁকুনির সঙ্গে বিকট এক শব্দ হয়, এরপর ভূমিধসের ঘটনা ঘটে। বড় ভূমিকম্পের মতো এটি অনুভূত হয়েছিল।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, পাহাড়টি তুষারের ধুলোয় ঢাকা। সেখানে শ্রমিকদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। চীনের ভাইস প্রেসিডেন্ট প্রিমিয়ার ঝাং গুওকিং উদ্ধার অভিযান পরিচালনাকারী একটি ওয়ার্ক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন।
গু নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আজ সকালে হঠাৎ করেই শুরু হয় ভূমিধস। এতে চাপা পড়ে সেখানের ঘর-বাড়ি। তিনি আরো জানান, এখনও তার চার আত্মীয় মাটির নিচে চাপা পড়ে আছে।
মাটির নিচে বা বরফে চাপা পড়া নিখোঁজ ব্যাক্তিদের সন্ধানে প্রায় ১ হাজার উদ্ধারকর্মী দল কাজ শুরু করেছে। খুব দ্রুতই নিখোঁজ সবার সন্ধান মিলবে বলে জানিয়েছে তারা।
এছাড়া ওই অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। তবে কি কারণে ভূমিধস হয়েছে এখনও তা স্পষ্ট করে জানা যায়নি।










