ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অধিকৃত এ ভূখণ্ডের উত্তরাঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে তারা নিহত হন। এদিকে গাজার খান ইউনিসে একটি গণকবরের সন্ধান মিলেছে। সেখানে ৫০টি মরদেহের খোঁজ মিলেছে। অবরুদ্ধ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে এ গণকবর শনাক্ত করা হয়। খবর আল জাজিরা ও রয়টার্স।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের উত্তরে নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার ভোর থেকে পশ্চিম তীরের তুলকার্ম শহরের নিকটবর্তী নুর শামস এলাকায় ইসরায়েলি বাহিনী বিস্তৃত এক অভিযান শুরু করে। সেখানে সশস্ত্র ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে তাদের শুরু হওয়া লড়াই শনিবার পর্যন্ত অব্যাহত ছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অভিযান চলাকালে বেশ কয়েকজন বন্দুকধারী নিহত ও বহু গ্রেফতার হয়েছে। এ সময় গোলাগুলিতে চার ইসরায়েলি সেনা আহত হয়েছে।
এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবর উন্মোচন করেছে ফিলিস্তিনি জরুরি পরিষেবা। তারা বলেছে, আমাদের দলগুলো আগামী দিনে অবশিষ্ট শহীদদের খোঁজে তাদের অনুসন্ধান এবং পুনরুদ্ধার অভিযান অব্যাহত রাখবে। কারণ তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এখনো (গণকবরে) রয়েছে।
আল জাজিরা বলছে, ইসরায়েলি সামরিক বাহিনী ৭ এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে। এর পরই সেখানে এ গণকবর শনাক্ত হলো।
মূলত কয়েক মাসের ইসরায়েলি বোমাবর্ষণ ও তীব্র লড়াইয়ের পরে গাজার এ শহরের বেশির ভাগ অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। হামলায় ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।
জাতিসংঘের মতে, ইসরায়েলের আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবাই এখন খাদ্যনিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। অবরুদ্ধ এ ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।










