যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি
দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়েছেন দেশটির বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য।
গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশটির বিমান বহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর সিএনএন।
সিএনএনের খবরে বলা হয়েছে, নিহত ব্যক্তি
নিজেকে অ্যারন বুশনেল হিসেবে পরিচয় দিয়েছে। এক ভিডিও বার্তায় অ্যারন বলেছেন, আমি গাজায়
আর গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চাই না। আমি যা করছি তা সেখানের নিপীড়নের তুলনায় খুবই
কম।
ভিডিও লাইভে এসে এ বক্তব্যর পরপরই তিনি
ভিডিও ডিভাইসটিকে মাটিতে সেট করে নিজের ওপর দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন এবং
‘ফ্রি প্যালেস্টাইন’ বলে চিৎকার করতে থাকেন। পরে ওই ব্যাক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সেখানকার
একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় পুলিশ সদস্যরা।
মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র রোজ
রিলি ওই ব্যক্তিকে মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করেছেন।
তবে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি। ফায়ার সার্ভিস বলেছে, ওই ব্যক্তির অবস্থা
আশঙ্কাজনক।
ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র বলেছেন,
ওই ব্যক্তি শরীরে আগুন দেয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তারা কেউ ওই ব্যক্তিকে চেনেন
না বলে জানান তিনি।
এ বিষয়টি তদন্তে গোয়েন্দা ও অ্যালকোহল,
তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরোরে একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়
মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট (এমপিডি)।










