যুদ্ধ শুরুর ১০৭ দিন পেরিয়েছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছেই। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৫ হাজার ১০০ ফিলিস্তিনি। উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো অন্তত ১৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত আরো ২৯৩ জন। যুদ্ধ বন্ধে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রস্তাবও প্রত্যাখ্যান করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। খবর আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি বর্বরতা চালানো হয়েছে রাফাহ এলাকায়। সেখানে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত চার আরোহী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নুসাইরাত, জাবালিয়া শরণার্থী শিবিরেও চলেছে ভয়াবহ হামলা। বোমাবর্ষণ অব্যাহত আছে খান ইউনিসেও।
এদিকে গাজায় আরো এক ইসরায়েলি সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত ১৯৫ সেনার মৃত্যু নিশ্চিত করেছে তেল আবিব। গাজার তিন মাসের অভিযানে নিহত সেনার সংখ্যা চার শতাধিক।
এদিকে গাজা ইস্যুতে ইসরায়েলকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে প্রস্তাব দিয়েছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহুর দপ্তর থেকে প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানানো হয়।
এর আগে শুক্রবার প্রায় এক মাসের মধ্যে প্রথমবারের মতো ফোনে কথা বলেন বাইডেন ও নেতানিয়াহু। পরে বাইডেন সাংবাদিকদের জানান, তিনি বিশ্বাস করেন যে বেনয়ামিন নেতানিয়াহু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কিছু বিষয়ের সঙ্গে সম্মত হতে পারেন।
বাইডেন বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পুরোপুরি বিরোধিতা করেননি নেতানিয়াহু। তিনি ক্ষমতায় থাকতেই এখনো স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা সম্ভব।
তবে বাইডেনের এ দাবি প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। শনিবার তার দপ্তর এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন যে হামাস ধ্বংস হওয়ার পর ইসরায়েলকে অবশ্যই গাজার ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যাতে গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।
এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রের অধিকারকে অস্বীকার করা অগ্রহণযোগ্য। ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্র গঠনকে সবার স্বীকৃতি দিতে হবে। শনিবার উগান্ডায় জোটনিরপেক্ষ আন্দোলনের এক সামিটে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নিতে অস্বীকৃতি ও ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকারকে অস্বীকার করা গ্রহণযোগ্য হতে পারে না।










