জাপানের তোকারা দ্বীপপুঞ্জে গত দুই সপ্তাহে ৯১১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে, যা আগে সংঘটিত ভূমিকম্পের তুলনায় প্রায় তিনগুণ বেশি। বুধবার (২ জুলাই) জাপানের আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। একটানা কাঁপন ও ভূমিকম্পের কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। খবর দ্য জাপান টাইমস।
গত ২১ জুন থেকে শুরু হওয়া কম্পনগুলোর মধ্যে বেশ কয়েকটি তীব্রভাবে অনুভূত হয়েছে।
দেশটির আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের প্রকৃত কারণ এখনো অস্পষ্ট এবং ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে আগাম কিছু বলা যাচ্ছে না।
বুধবার বিকাল ৩টা ২৬ মিনিটে তোশিমা গ্রামে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আকুসেকি দ্বীপের স্থানীয় নেতা ইসামু সাকামোতো বলেন, ‘আমি ভাবিনি পরিস্থিতি এত খারাপ হবে।’ সতর্কতা হিসেবে তিনি তার অতিথিশালা বন্ধ করে দিয়েছেন।
২০২৩ সালের সেপ্টেম্বরেও তোকারা এলাকায় টানা ভূকম্পনের এমন প্রবণতা দেখা গিয়েছিল। তখন দুই সপ্তাহে ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড হয়।















