হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনিজুলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কাজের জন্য। মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৈঠকে সোনার মেডালটি ট্রাম্পকে তুলে দেন। খবর বিবিসি।
মাচাদো বলেন, তিনি ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। ট্রাম্প এ পদক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন। এক পোস্টে তিনি জানান, ‘এই পুরস্কার পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন।’ ট্রাম্পের সঙ্গে সরাসরি প্রথমবার সাক্ষাতের পর মাচাদো বলেন, ‘আমি মনে করি, আজ ভেনিজুয়েলাবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন।’
কারাকাসে মার্কিন বাহিনী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নেয়ার পর দেশটির বিরোধী দলের নেতা মাচাদো যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে বলে অনেকেই ধারণা করেছিলেন। কারণ, দেশটিতে ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে জয় দাবি করেছিলেন মাচাদো। তবে মাদুরোকে তুলে নেয়ার পর মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান ট্রাম্প। এর পরিবর্তে তিনি সেখানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ শুরু করেন।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বাইরে ফটকের কাছে জড়ো হওয়া সমর্থকদের সঙ্গে কথা বলেন। অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, তিনি স্প্যানিশে বলেন, ‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি। পরে ইংরেজিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছি।’
এদিকে, নোবেল কমিটি গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা বাতিল, ভাগ বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত ও চিরস্থায়ী।’ হোয়াইট হাউস বৈঠকের আগে গতকাল বৃহস্পতিবার নোবেল পিস সেন্টার এক্সে লিখেছিল, ‘একটি পদকের মালিক বদলাতে পারে, কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বদলানো যায় না।’










