মুদ্রা সংকট ও উচ্চ মূল্যস্ফীতির চাপে গত কয়েকদিনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানে। দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে দোকানপাট বন্ধ রেখে সড়কে নেমেছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানি ও গ্রেফতারের ঘটনাও ঘটেছে। এ অস্থিরতার মধ্যে বিক্ষোভ দমনে সহিংসতা হলে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরা ও দ্য গার্ডিয়ান।

জীবনযাত্রার ব্যয় হঠাৎ বেড়ে যাওয়ায় গত সপ্তাহের শেষ দিক থেকে বিক্ষোভ শুরু হয় ইরানে। তেহরানে রোববার দোকানপাট বন্ধ করে ধর্মঘটে যান দোকানিরা, যা পরে ছোট শহর ও প্রাদেশিক এলাকায়ও ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এসব ঘটনায় অন্তত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানে বর্তমান অস্থিরতার প্রধান কারণ মুদ্রা সংকট ও উচ্চ মূল্যস্ফীতি। ইরানি রিয়ালের বিনিময় হার বুধবার ডলারের বিপরীতে নেমেছিল প্রায় ১৩-১৪ লাখে। ২০২২ সালে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন দায়িত্ব নেয়ার সময় বিনিময় হার ছিল ৪ লাখ ৩০ হাজার রিয়াল। এতে আমদানি খরচ বেড়েছে। খাদ্য ও নিত্যপণ্যের দাম দ্রুত বাড়ছে। মূল্যস্ফীতির হার প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর। অনেক পরিবারের জন্য দৈনন্দিন খরচ মেটানো দিন দিন কঠিন হয়ে উঠছে। ফলে আগে থেকেই দুর্বল থাকা দেশটির অর্থনীতির ওপর চাপ আরো বেড়েছে।

অর্থনৈতিক চাপ সামাল দিতে কিছু পদক্ষেপ নিয়েছে ইরান সরকার। বিক্ষোভ শুরু হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হয়েছে। নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দোলনাসের হেম্মাতি। তিনি এর আগে দেশটির অর্থনৈতিক ও আর্থিকবিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে তার সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ইরানি রিয়ালের বিনিময় হার স্থিতিশীল করার বড় চ্যালেঞ্জ রয়েছে। তবে অর্থনৈতিক পদক্ষেপের পাশাপাশি সরকার বিক্ষোভের বিষয়ে কঠোর অবস্থানও নিয়েছে।

বিচার বিভাগ জানিয়েছে, বিক্ষোভকে সহিংস পথে নেয়ার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর সতর্ক করে বলেছে, দেশে বিদেশী হস্তক্ষেপ কঠোরভাবে মোকাবেলা করা হবে।