রক্তদান কর্মসূচির গতি বাড়াতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রক্তের অভাবে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সেজন্য পর্যাপ্ত রক্তের মজুদ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি মরণোত্তর চক্ষুদান কার্যক্রম জোরদার ও কর্নিয়া সংগ্রহে দেশকে স্বাবলম্বী করার ওপর গুরুত্বআরোপ করেন।
গতকাল জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘শুধু সেমিনার আয়োজন করে রক্তদান কর্মসূচির গতি বাড়ানো সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।’
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এএনএম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমইউ উপাচার্য ডা. এফএম সিদ্দিকী, ডক্টরস ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ প্রমুখ।
ড্যাবের মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম, মহাসচিব ও উদযাপন উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










