দেশের চার জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই দিনমজুর, সাতক্ষীরার শ্যামনগরে বাসের ধাক্কায় এক ইজিবাইকচালক, মুন্সিগঞ্জের সিরাজদিখানে বালিভর্তি ড্রাম ট্রাকচাপায় দুই বৃদ্ধ এবং কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক শিশু নিহত হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময়ে দুর্ঘটনাগুলো ঘটে। বণিক বার্তার সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—
গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা-রংপুর সড়কের জামালহাট কামরাঙ্গারতল এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই দিনমজুর নিহত হন। নিহতরা হলেন মিঠাপুকুর উপজেলার এনামুল হক (৪০) ও আনোয়ার হোসেন (৪০)। এ ঘটনায় অটোভ্যানচালক আব্দুল হামিদ আহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পানবরজে কাজ করতে অটোভ্যানে করে জামালহাট কামরাঙ্গারতল এলাকায় পৌঁছান এনামুল ও আনোয়ার। সেখানে সড়কের পাশে অটোভ্যানটি দাঁড় করানো অবস্থায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে এনামুল ঘটনাস্থলেই মারা যান। আহত আনোয়ারকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ: জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে বালিভর্তি ড্রাম ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত হন। নিহতরা হলেন রামানন্দন গ্রামের নেকবর আলী সরকার (৬৫) ও গয়াতলা দক্ষিণপাড়ার মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। এ ঘটনায় হাশেম বেপারি (৭০) নামে আরো একজন আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালিচরগামী নম্বরবিহীন একটি বালিভর্তি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। আহত তিনজনকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক নেকবর আলী ও কাইয়ুম দেয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।
সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার বংশীপুর এলাকায় গতকাল সকাল সাড়ে ৬টার দিকে সোনার মোড় মৎস্য আড়তের পাশে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাগর আলী (৫০) নামে এক ইজিবাইকচালক নিহত হন। তিনি বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে।
কুমিল্লা: বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাফি নামে এক যুবক নিহত হন। তিনি চান্দিনা উপজেলার এতবারপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
অন্যদিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের ছোটশালঘর এলাকায় দ্রুতগতির ট্রাকচাপায় এক পথচারী শিশু নিহত হয়েছে।










