নাটোরের সিংড়ায় লাড়কিবাড়ী বিলে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গতকাল সকালে বিলে মরা মাছ ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়। বিলের দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, প্রায় ৪০ বছর ধরে সামাজিকভাবে বিলটিতে মাছ চাষ করছে স্থানীয়রা। সম্প্রতি ৫০ জন মৎস্যচাষী যৌথভাবে প্রায় ৩০ লাখ টাকার রুইজাতীয় মাছ অবমুক্ত করেন। তবে বিলের দখল নিয়ে সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম ও যুবদল নেতা রানা আহমেদের সঙ্গে মৎস্যচাষীদের বিরোধ চলছিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ‘‌বিষ প্রয়োগে চাষের পাশাপাশি দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।