ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন সদর দপ্তরের দিকে বিরোধী দলীয় নেতাদের মিছিল নিয়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১১ আগস্ট) সকালে সংসদ ভবনের বাইরে শুরু হওয়া এ বিক্ষোভ থেকে আরো কয়েকজন বিরোধীদলীয় সংসদ সদস্যকে আটক করা হয়েছে। খবর এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে কংগ্রেসের নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও শিবসেনার (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করা হয়। বিরোধীদের এই আন্দোলন সংসদ ভবনের বাইরে থেকে মধ্য দিল্লির রাস্তায় ছড়িয়ে পড়লে পুলিশ তাদের আটক করে।

বিক্ষোভের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিপুলসংখ্যক নেতাকর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন, পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিচ্ছেন। এমনকি কেউ কেউ ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। এ সময় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মিতালি বাগ হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে রাহুল গান্ধী তাকে সহায়তা করেন।

বিরোধী নেতাদের বিক্ষোভের কারণ হলো সদ্য পাস হওয়া এসআইআর কর্মসূচি। বিহারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হলেও এটি রাজনৈতিক ও আইনি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বিরোধী নেতাদের অভিযোগ, প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে চালানো হচ্ছে এবং এতে লাখো ভোটারের নাম কেটে দেয়া হতে পারে। কারণ, বন্যা ও প্রমাণপত্রের অভাবে ক্ষতিগ্রস্তরা অনেক ধরনের কাগজপত্র দেখাতে পারবেন না বলে আশঙ্কা রয়েছে।

বিরোধী পক্ষ এই পরিকল্পনাকে 'ভোট চুরি' বলে আখ্যা দিয়েছে। আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকা বদলের কৌশল হিসেবে এসআইআরকে ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা।

সংসদে টানা বিক্ষোভে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন একাধিকবার স্থগিত হয়েছে। এছাড়া, দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি করছে কংগ্রেস, তৃণমূল, সিপিএমসহ বিরোধী দলগুলো।