হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রধান কারাগারে হামলা চালিয়ে সশস্ত্র
গোষ্ঠী অনেক বন্দিকে মুক্ত করে দিয়েছে। আজ সোমবার (৪ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে
এ তথ্য বলা হয়েছে।
স্থানীয় একজন সাংবাদিক বিবিসিকে বলেন, প্রায় ৪ হাজার বন্দির অধিকাংশই
পালিয়ে গেছেন।
বন্দিদের মধ্যে ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসের হত্যাকাণ্ডে
অভিযুক্ত গ্যাং সদস্যরাও ছিলেন।
সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ আমেরিকার সবচেয়ে দরিদ্র দেশ হাইতিতে সহিংসতা
খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আন্দোলনে নামা সশস্ত্র গোষ্ঠী রাজধানীর ৮০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
সহিংসতার সর্বশেষ এ অধ্যায় গত ২৯ ফেব্রুয়ারি শুরু হয়। ওই সময় হাইতির প্রধানমন্ত্রী দেশটিতে কেনিয়া নেতৃত্বাধীন বহুজাতিক নিরাপত্তা বাহিনীকে পাঠানোর বিষয়ে আলোচনা করতে নাইরোবি সফরে যান।
হামলা শুরুর পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিল হাইতির পুলিশ। এরপর শনিবার শেষ রাতের হামলায় বন্দিদের মুক্ত করে দেন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা।










