ভারতের লোকসভা নির্বাচনের সপ্তাহ খানেক আগেই হঠাৎ পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। তার পদত্যাগে বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতের রাজনৈতিক অঙ্গনে। দেশটির রাষ্ট্রপতিকে দেয়া চিঠিতে অরুণ গোয়েল জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন। তবে কমিশনের একটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তিনি বেশ সুস্থই আছেন। মূলত প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে মতানৈক্যের জেরেই পদত্যাগ করেছেন অরুণ গোয়েল। ফলে তার পদত্যাগের রহস্য আরো ঘনীভূত হয়েছে।

এনডিটিভি বলছে, অরুণ গোয়েল তার পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণকে দায়ী করেছেন। যদিও তাকে পদত্যাগ করা থেকে বিরত রাখতে সরকার থেকে প্রচেষ্টা চালানো হয়েছিল।

সদ্য পদত্যাগ করা এ নির্বাচন কমিশনারের স্বাস্থ্য নিয়ে কমিশনের শীর্ষ কর্মকর্তারা জানান, অরুণ গোয়েল নিখুঁতভাবে সুস্থ আছেন। নির্বাচন কমিশনের বেশ কয়েকটি সূত্র বলছে, অরুণ গোয়েল ও প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের মধ্যে মতপার্থক্য রয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সোশ্যাল মিডিয়ায় অরুণ গোয়েলের আকস্মিক পদত্যাগের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে তিনি লিখেছেন, ‘এটা নির্বাচন কমিশন, নাকি নির্বাচন অমিশন? লোকসভা নির্বাচনের তারিখ কয়েক দিনের মধ্যে ঘোষণা করা হবে। আর ভারতে এখন মাত্র একজন নির্বাচন কমিশনার আছে।’ কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও এ ঘটনাকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।

ভারতের জাতীয় নির্বাচন কমিশনে তিনজন সদস্য থাকেন। একজন প্রধান নির্বাচন কমিশনার ও দুজন নির্বাচন কমিশনার। গত মাসেই নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নেন অনুপ পান্ডে। এরপর গত শনিবার বিকালে হঠাৎ করেই আরেক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পদত্যাগের কথা ঘোষণা করেন। আইন অনুযায়ী একজন সদস্য দিয়ে জাতীয় নির্বাচন কমিশন পরিচালিত হতে পারে না। সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই শূন্য পদে কমিশনার নিয়োগ করা হবে।

গত বছরই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনার নিয়োগের নিয়মে পরিবর্তন আনা হয়। আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ প্যানেলে থাকতেন। তবে নতুন আইন অনুযায়ী, এবার প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা বা একক বৃহত্তম বিরোধী দলের নেতা ও প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী সম্মিলিতভাবে কোনো ব্যক্তিকে বাছাই করবেন এবং তার নাম প্রেসিডেন্টের কাছে সুপারিশ করবেন।