ফিলিস্তেনের অবরুদ্ধ গাজায় একটি ‘মানবিক জোনে’ ইসরায়েলি হামলায় অন্তত ৯০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত ও ৩০০ জন আহত হওয়ার খবর জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে তারা। খবর রয়টার্স।  

যদিও এই হামলায় হামাসের সামরিক প্রধান ও আরেকজন হামাস  কমান্ডার নিহত হয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। তবে হামাসের ওপর ক্রমবর্ধমান সামরিক চাপ জিম্মিদের মুক্ত করার সম্ভাবনাকে প্রসারিত করবে।

এমন পরিস্থিতে শনিবার (১৩ জুলাই) ইমরায়েল-হামাসের চলমান যুদ্ধবিরতি আলোচনা আবার বন্ধ হয়ে গেছে।

এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, যেভাবেই হোক হামাসের পুরো নেতৃত্বের কাছেই আমরা পৌঁছাতে পারব।

এদিকে, ইসরায়েলের হামলায় হামাসের সামরিক প্রধান দেইফ নিহত হননি বলে সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন হামাসের একজন কর্মকর্তা। হামাসের দাবি, গাজায়  কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় হামলার ন্যায্যতা দিতেই দেইফকে লক্ষ্যবস্তু করে হামলার কথা বলেছে ইসরায়েল।

অন্যদিকে, এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেন, হামলাকৃত এলাকা কোনো বাস্তুচ্যুতি শিবির নয় ,হামাস দ্বারা পরিচালিত একটি অপারেশনাল কম্পাউন্ড এবং সেখানে বেশ কয়েকজন জঙ্গি ছিল যা সামরিক প্রধান দেইফকে পাহারা দিচ্ছিল।

গাজার কোনো অঞ্চলই নিরাপদ নয় বলে মন্তব্য করে জাতিসংঘ প্রধান এন্তনিও গুতরেজ বলেন গাজায় ইসরায়েলি হামলায় বেসামরিক লোকের মৃত্যুতে তিনি বিস্মিত এবং মর্মাহত।

আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সাম্প্রতিক হামলায় দেইফের পাশাপাশি  হামাসের আরেক শীর্ষ নেতা রাফা সালামাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে  জানিয়েছে ইসরায়ের। ইসরায়েলের দাবি দেইফ ও রাফা সালামা ইসরায়েলের উত্তরাঞচলে  ৭ অক্টোবের হামলার মাস্টারমাইন্ড এবং একই সঙ্গে নয় মাসের এই যুদ্ধবস্থার জন্য দায়ী।

এখন পর‌্যন্ত দেইফ সাতটি ইসরায়েলি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। কয়েক দশক ধরে ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। ৭ অক্টোবরের পর থেকে চলমান এই হামলায় আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্নত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।