ফিলিস্তিনের
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯০০ জনে। বৃহস্পতিবার
(২৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত উপত্যকাটির স্বাস্থ্য
মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
স্বাস্থ্য
মন্ত্রণালয়ের তথ্যমতে, অবরুদ্ধ গাজায় গত বছরের ৭ অক্টোবর
থেকে এ পর্যন্ত আহত হয়েছেন ৬৪ হাজার ১১০ জন ফিলিস্তিনি। হতাহতের বেশিরভাগই বেসামরিক
নাগরিক। এছাড়া গত ২১ ঘণ্টায় উপত্যকাটির অন্তত ২১ স্থানে গণহত্যা চালিয়েছে দখলদার
ইসরায়েলি বাহিনী। যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। আহত হয়েছেন আরো ৩৭০ জন নিরীহ
ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা
পড়ে আছেন। সেখানে রাস্তা-ঘাট আইডেএফের দখলে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
অন্যদিকে গাজার
খান ইউনিসের জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর
প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্টের (ইউএনআরডব্লিউএ) একটি আশ্রয় শিবিরে
ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
৭ অক্টোবর
ইসরায়েল সীমান্তে হামাসের হামলার পর প্রতিশোধমূলক আকাশ ও স্থল হামলা শুরু করে তেল
আবিব। ইসরায়েল জানিয়েছে হামাসের ওই হামলায় কয়েকশ সেনা সদস্যসহ অন্তত এক হাজার ২০০
ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া জিম্মি করা হয়েছে ২৫০ জনের বেশি ইসরায়েলিকে। যাদের
বেশ কয়েকজনকে সাময়িক যুদ্ধবিরতিতে মুক্তি দিয়েছে হামাস।
তেল আবিবের
প্রতিশোধমূলক এ হামালায় বাস্তুচ্যুত হয়েছে ৮৫ শতাংশ গাজাবাসী। পুরো গাজা অবরুদ্ধ
করার ফলে সেখানে সৃষ্টি হয়েছে তীব্র খাদ্য সংকট। জাতিসংঘ জানিয়েছে নিরাপত্তাহীনতায়
ভুগছে কয়েক হাজার গাজাবাসী। সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় প্রবেশ করতে দেয়া
হচ্ছে না ত্রাণবাহী কোনো গাড়িকে।
এদিকে আজ শুক্রবার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) করা দক্ষিণ আফ্রিকার মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে।










