ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গাজায় আটক থাকা ৭ ইসরায়েলি জিম্মিকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে। আরো ১৩ জন জিম্মিকে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, এই বিনিময়ের শর্ত অনুযায়ী ইসরায়েলের কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনিরা। খবর রয়টার্স।

সূত্র অনুযায়ী, রেড ক্রস জিম্মিদের গ্রহণ করার পর তাদের নিয়ে যাওয়ার জন্য একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার এরইমধ্যে দক্ষিণ ইসরায়েলের রেইম শহরে অবতরণ করেছে।

এই জিম্মি বিনিময়ের প্রক্রিয়া শুরু হওয়ায় গাজার দক্ষিণে খান ইউনিস শহরে ব্যাপক জনসমাগম হয়েছে। আশা করা হচ্ছে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া কয়েকশো ফিলিস্তিনি বন্দি শিগগিরই সেখানকার নাসের মেডিকেল কমপ্লেক্সে এসে পৌঁছাবেন।

এই জিম্মি ও বন্দি বিনিময়ের মাধ্যমে দুই বছরের সংঘাত শেষে একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় শান্তির পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।