আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ এবং যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এখনো বন্ধ রয়েছে গাজায় মানবিক সহায়তা প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং। এমন প্রেক্ষাপটে রাফায় হামলা করলে ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর বিবিসি।
প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘গাজার রাফা শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র দেশটিতে কিছু অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দেবে।’ তবে ইসরায়েলকে নিরাপদ রাখার বিষয়টি নিশ্চিত করার কাজ চালিয়ে যাবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘আমরা অস্ত্র এবং আর্টিলারি শেল (ইসরায়েলে) সরবরাহ করতে যাচ্ছি না।’ যুক্তরাষ্ট্র রাফার বর্তমান পরিস্থিতিকে স্থল অভিযান হিসেবে সংজ্ঞায়িত করেনি। তিনি বলেন, ‘জনসংখ্যা বেশি রয়েছে এমন অংশে তারা যায়নি। তারা কেবল সীমান্তেই পদক্ষেপ নিয়েছে।’
বাইডেনের ভাষায়, ‘কিন্তু আমি (ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু) এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভাকে স্পষ্ট বলেছি, যদি তারা জনবহুল এলাকাগুলোতে অভিযান চালায়, তাহলে তারা আমাদের সমর্থন পাবে না।’
প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন, গাজার বেসামরিক লোকদের হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। অবশ্য ইসরায়েল গাজায় ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে কিনা জানতে চাইলে মার্কিন এই প্রেসিডেন্ট উত্তর দেন- ‘এখনও না’।
বিবিসি বলছে, দৃঢ় এবং সোচ্চার মার্কিন বিরোধিতা সত্ত্বেও, ইসরায়েল রাফাতে বড় আকারের আগ্রাসন চালানোর জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ এই অংশটি ভূখণ্ডে হামাসের শেষ প্রধান শক্ত ঘাঁটি। মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, এ শহরে বড় ধরনের কোনও অভিযান চালানো হলে তা ব্যাপক বেসামরিক হতাহতের কারণ হতে পারে।










