উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সঙ্গে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে সুইডেন। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জোটে যোগদানের প্রক্রিয়া শেষ করে দেশটি। খবর আল-জাজিরা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক বৈঠকের পর ওয়াশিংটন ডিসিতে দেয়া সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন, ন্যাটো সদস্য হিসেবে সুইডেন এক্য ও সংহতির পথপ্রদর্শক হবে। আমরা আমাদের মিত্রদের সঙ্গে দায়িত্ব এবং ঝুঁকি ভাগ করে নেব।

অপেক্ষমানদের জন্য ভালো কিছুই আসে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গতকাল ন্যাটোতে সুইডেনের যোগদান অনুষ্ঠানের বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পরেই ন্যাটোতে যোগ দিতে আবেদন করে সুইডেন।প্রায় দুই বছর ধরে ব্যাপক আলাপ-আলোচনার পর, অবশেষে বৃহস্পতিবার সদস্যপদ পেল দেশটি।