গাজার বিভিন্ন আবাসিক ভবনে রাতভর ইসরায়েলি হামলায় নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছেন। হামলায় পরিবারের একমাত্র জীবিত সদস্য হিসেবে বেঁচে গেছে শিশু হালা লুব্বাদ। খবর মিডল ইস্ট আই।

আজ ভোরের আগে গাজা সিটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের অন্তত চারটি অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় হামলার শিকার হন বাসিন্দারা। হামলায় লুব্বাদের মা-বাবা ও তার তিন ভাইবোন নিহত হন। হালা লুব্বাদ সামান্য আহত অবস্থায় বেঁচে যায়। এছাড়াও আহত হন অন্যান্য অ্যাপার্টমেন্টের আরো অন্তত ১৫ জন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলার পর একটি ভবনে আগুন লাগে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে উদ্ধারকর্মীরা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মে মাসে ১১৯ জন নিহত হয়েছেন। বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজাজুড়ে হামলা অব্যাহত রয়েছে।

এদিকে মানবিক সহায়তায় বিধিনিষেধের কারণে খাদ্য, জ্বালানি ও ওষুধ সংকট আরো তীব্র হয়েছে।